
ভোরের বাংলা নিউজ ডেস্ক
বিএনপি সরকারের ছয় মাসে দেশে কোনো ধরনের রাজনৈতিক নিপীড়ন হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সরকারের গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘আজ আমাদের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে যে আয়োজন সেটাই কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকারব্যবস্থা যেখানে জবাবদিহিতা থাকবে স্বচ্ছতা থাকবে দায়বদ্ধতা থাকবে সেটিরই প্রতিফলন।’
তারেক রহমানের নেতৃত্বাধীন এ সরকার বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধামন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা দেখেছি এই ছয় মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কীভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি। যেখানে একটিবারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি।’
‘যেখানে আমরা দেখেছি সর্বোচ্চ বাকস্বাধীনতা। অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করেছে। আমরা দেখেছি কীভাবে উসকানি দেওয়া হয়েছে। অশোভন আচরণ করা হয়েছে। কিন্তু তারপরও সরকারের সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে এগিয়ে চলেছে জনগণের সরকার,’ যোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোর মতো ঠিক একইভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও একটা নাজুক অবস্থা পেয়েছিল। কিন্তু সেখান থেকে ফ্যাসিবাদের ১৬ বছরের ধারাবাহিকতা সম্পূর্ণ ভেঙে দিয়ে রাজনৈতিক হয়রানিমুক্ত সেবাধর্মী পুলিশ এবং প্রশাসন তৈরি করা হয়েছে।’
‘আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ আস্থা খুঁজে পাচ্ছেন’—দাবি করে তিনি বলেন, ‘যখন কোনো সমস্যা নিয়ে যাচ্ছেন, সেখানে সমাধান পাচ্ছেন। নারী ও শিশুদের হত্যা-ধর্ষণের মতো অপরাধের প্রতিটি ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থান এবং অনেকগুলো ক্ষেত্রে ইতিহাসের দ্রুততম সময়ে রায় ঘোষণার নতুন নজির দেখেছি।
ইতোমধ্যে বাংলাদেশের স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা তৃতীয় থেকে দ্বিতীয় ধাপে উন্নীত করা হয়েছে বলেও উল্লেখ করে মাহদী আমিন।