
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে টাঙ্গাইলে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি রোড ও পার্ক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে উৎপাদিত দইয়ের মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টান্ন উৎপাদনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা এবং আদি ইন্দুটি দই ঘরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।