
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ভূঞাপুর ও দেলদুয়ারে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভূঞাপুরের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় পৃথক দুই মামলায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক পৃথক মামলায় এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড দেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ২০২১ সালের ৫ মে দেলদুয়ারে মা হাজেরা বেগম ও মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক।
এদিকে, পৃথক দুটি হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।