
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুই নারী রয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে ঘাটাইল থানার কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ময়মনসিংহ থেকে পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার সাকিবুল হাসান রনি (২৫) ও মো. রায়হান উদ্দিন (৩০), নারায়ণগঞ্জ জেলার সোনিয়া (৩৮) এবং পিরোজপুর জেলার মোছা. বন্যা আক্তার (২৮)।
এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে আকন্দ এক্সপ্রেস বাসটি থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের নামিয়ে তল্লাশি করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো ও বের করে দেওয়া মতে, বাসের লকারে রাখা তিনটি ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাঁদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।