
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম পিপিএম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জাকির হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট টাঙ্গাইলের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান এবং টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল বাসেত মিঞা।
এ সময় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতিরা বক্তব্য দেন। সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানানোর পাশাপাশি শিক্ষকদের বদলি কার্যক্রম চালুরও আহ্বান জানান তাঁরা।