
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভায়েটা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিয়াজুল ইসলাম নামে ওই শিক্ষককে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শিক্ষক রিয়াজুল ইসলামকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে আটক করে বিক্ষুব্ধ জনতা। পরে গণপিটুনির শিকার হয়ে তিনি প্রাণ বাঁচাতে মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদে আশ্রয় নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালিসি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান স্থানীয়রা। এর মধ্যেই নতুন করে একই ধরনের অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ, রিজার্ভ পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। দীর্ঘ সময়ের চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুদের পরিবার ও স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।