
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে ৬ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। সোমবার (২ নভেম্বর) ভোর ৪টা ৫ মিনিটের দিকে টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার ফরহাদ মিয়া (৩৫) ও তার স্ত্রী মোছা. তানজিনা (২১)।
এসআরবি সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল জানতে পারে, চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসে যাত্রীবেশে মাদক পাচার করা হচ্ছে। পরে আশেকপুর বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের যাত্রী ওই দম্পতির সঙ্গে থাকা একটি ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।