
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক দালাল, এক চোর ও এক মাদকসেবীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দালালদের হয়রানির অভিযোগ রয়েছে। একই সঙ্গে হাসপাতাল চত্বরে মাদকসেবীদের উৎপাতও বেড়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আলামত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে তাদের দোষী সাব্যস্ত করেন। আদালত আইনানুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজা পরোয়ানা জারির পর দণ্ডপ্রাপ্তদের কড়া নিরাপত্তায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।