
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় পচে দুর্গন্ধ ছড়ানো ১৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করে তা মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ফুটপাত দখল এবং অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে এ অভিযান পরিচালিত হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ডিমলা থানা পুলিশ সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি নাইট কোচে ২০টি প্লাস্টিকের ক্যারেটে করে ১৬০ কেজি চিংড়ি মাছ শুটিবাড়ি বাজারের ঢাকা স্ট্যান্ডে আনা হয়। মাছগুলো সম্পূর্ণ পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয় লোকজন সন্দেহবশত তা আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে ইউএনও মো. ইমরানুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং মাছগুলো পরিদর্শন করেন। মাছগুলো মানবদেহের জন্য সম্পূর্ণ খাওয়ার অনুপযোগী হওয়ায় গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ স্থানীয়দের উপস্থিতিতে সেগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। জব্দ করা এই পচা চিংড়ির আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
অন্যদিকে মেসাস মনি হার্ডওয়ার স্টোর, ফুটপাত দখল করে মালামাল সংরক্ষণ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দোকানটির মালিক সেলিমকে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স রাজু মিনি ফিলিং স্টেশন, অনুমোদনহীন বা অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে জ্বালানি তেল বিক্রির দায়ে মালিক রাজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ মিনি পেট্রোল পাম্পটি অবিলম্বে বন্ধ ও বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ঝুঁকিপূর্ণ হওয়ায় পচা ও দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছগুলো জনসমক্ষে বিনষ্টের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনদুর্ভোগ কমাতেও ভোক্তা অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”