
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানাধীন সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। নিহতরা সবাই ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গের বাড়িতে ফিরছিলেন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যোকারচর ১৮নং ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রড ও অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়ে হতাহত হন।
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় ১৫ জনের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া কয়েকজন হলেন— সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), ইসমাইল হোসেন (১৯), নজরুল (৬০), মামুন (৪৫) ও সারিকুল (২৫)। তাদের বাড়ি নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এছাড়া আরও ৯ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন বাবু (৩৫), আব্দুল রহমান (৩৫), তুহিন, আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), খোরশেদ (২৬), সমেজ ও নয়ন বিশ্বাস (৩২)।
টাঙ্গাইলের পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ট্রাফিক বিভাগ ডাইভারশন চালু করে যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, নিহত ও আহতরা নোয়াখালীর চৌমুহনী এলাকায় ভাঙারি মোবাইল ফোন ও চুল সংগ্রহের কাজ করতেন। ঈদ উপলক্ষে তারা ফেনীর মহিপাল এলাকা থেকে ওই ট্রাকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
যমুনা সেতু পূর্ব থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।