
সিফাতুল্লাহ তাসনীম
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানসিক চাপ মোকাবিলায় সহায়তা দিতে একটি বিশেষ কাউন্সেলিং কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘MindBridge: Connecting Minds, Building Resilience’ শীর্ষক এ কর্মশালাটি আগামী ৬ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ‘অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়াম’-এ আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থীদের জন্য মানসিক সাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা কাউন্সেলিং সেশন, মানসিক চাপ ও হতাশা মোকাবিলার কৌশল, ইন্টারেক্টিভ আলোচনা এবং প্র্যাকটিক্যাল গাইডলাইনসহ প্রয়োজনীয় সাপোর্ট পাবেন।
কর্মশালার ব্যবস্থাপনায় রয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণকৃত প্রথম ৩০০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণের পাবেন। আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠিতব্য এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মানসিক সুস্থতা সম্পর্কে সচেতন হবেন এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর দক্ষতা অর্জন করতে পারবেন।
এছাড়া, অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট ও রিফ্রেশমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।