
কোটচাঁদপুর(ঝিনাইদহ) সংবাদদাতা:
জাতীয় কবি কাজী নজরুল
ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক অসাধারণ প্রতিভা। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে মানবতা, সাম্য, স্বাধীনতা ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।
তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ না রেখে তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মের চর্চা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকশিত হওয়ার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান, কোটচাঁদপুর পৌরসভার আসন্ন মেয়র পদপ্রার্থী প্রভাষক শরিফুল ইসলাম এবং জাতীয়তাবাদী দল বিএনপির কোটচাঁদপুর উপজেলা সভাপতি আঃ রাজ্জাক,পৌর সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, আবুবকর , ইকরামুল,এনসিপি নেতা হৃদয় আহমেদ ও মডেল থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নজরুলের কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাতীয় কবির জীবন, সাহিত্য ও আদর্শকে তুলে ধরেন।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পর্যায়ক্রমে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবির সৃষ্টিশীল কর্ম ও মানবতাবাদী দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।