
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ‘ইয়াবা সম্রাট’ খ্যাত এক মাদক কারকারিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধীনস্থ নীলফামারী জেলার ডিমলা উপজেলার থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল।
এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ইয়াবা বিক্রয়ের নগদ ১ লক্ষ ৫২ হাজার টাকা, ২১পিচ ইয়াবা ট্যাবলেট, মোটর সাইকেল ও দুটি স্মার্টফোনসহ একটি স্কুলব্যাগ জব্দ করে টহল দলটি।
আটককৃত ব্যক্তি হলেন, জেলার ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের মো. সবুর উদ্দিনের ছেলে মোস্তাকিম (৪০)।
বিওপি’র সূত্র বলছে, “১৫ সেপ্টেম্বর দিনগত গভির রাতে গোয়েন্দা সংস্থা বিএসবি ও এসআইপির গোপন সংবাদের ভিত্তিতে, ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৭৯০ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে নীলফামারী জেলার ডিমলা থানাধীন বালাপাড়া, তেলিয়াপাড়া মোড়ে মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রয়কালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোস্তাকিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক সাম্রাজ্য পরিচালনার কথা স্বীকার করে। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।”
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)র অধিনায়ক, লে: কর্নেল মো: নাজিউর রহমান জানান, “সীমান্ত এলাকায় মাদকের বিষবৃক্ষ ও অপরাধ সিন্ডিকেট সমূলে উপড়ে ফেলতে পরিচালনা করা হচ্ছে একের পর এক দুঃসাহসিক অভিযান। সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও ইস্পাতকঠিন ব্যারিকেড ভেদ করতে না পেরে বিজিবির হাতে ধরাশায়ী হয়েছে মূল মাদক কারবারি।”
তিনি আরও বলেন, “আটক মোস্তাকিমকে জব্দ করা আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদকের চোরাচালান বন্ধ করতে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”