
জেলা প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার, আলোচনা সভা ও শোভাযাত্রা।
দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক একটি দিন। এদিন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরে সিপাহি-জনতা তাকে বরণ করে নেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অনেক নেতা থাকলেও কেউ স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাহস পাননি। তবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলকে সুসংগঠিত করার পাশাপাশি দেশের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করার আহ্বান জানান অধ্যাপক আমিনুল ইসলাম।