
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।
অভিযানকালে একটি মাছ ধরার ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।
এ ঘটনায় আটক পাঁচজনকে জব্দ করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।