
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহাদত মিয়া (১৯) নামে এক তরুণ। বুধবার (৫ নভেম্বর) আনুমানিক বেলা দুইটার দিকে উপজেলার পোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার কপাই বালিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে শাহাদত মিয়া বন্ধুর মোটরসাইকেল নিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের নামক স্থানে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানো হয়।
বর্তমানে শাহাদতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়রা জানান,শাহাদত একজন বিনয়ী ও পরিশ্রমী তরুণ। তার এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে নেমে আসে উদ্বেগ ও শোকের ছায়া।