নিজস্ব প্রতিবেদক
দলের ভাবমূর্তি নষ্ট, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বাংলাদেশী পাসপোর্ট পুড়িয়ে ফেলার মতো রাষ্ট্রদ্রোহের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হতে যাচ্ছেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আদম তমিজী হক।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ভোরের বাংলা নিউজকে বলেন, লাইভে দলের বিরুদ্ধে আদম তমিজী হক যেসব কথা বলেছেন, তা বিব্রতকর, দলের জন্য। এ ছাড়া তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়েছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এ কারণে আমরা তাকে বহিষ্কারের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, কেন্দ্রের কাছে এ বিষয়ে সুপারিশ করা হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসা শেষে দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত শনিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে আদম তমিজী বলেন, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। এ কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না।
দলীয় সূত্রে জানা গেছে, আদম তমিজীর বিষয়ে গতকাল জরুরি বৈঠকে বসে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মহানগরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির বাসায় অনুষ্ঠিত বৈঠকে আদম তমিজীকে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্তে একমত হয়েছেন নেতারা।
আগে গত শুক্রবার ধারাবাহিকভাবে ফেসবুকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্যে করে বিভিন্ন পোস্ট দেন আদম তমিজী হক। এর জেরে গত শনিবার দুপুরে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ।
আদম তমিজীকে নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান প্রতিমন্ত্রী,
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, আদম তমিজী হকের বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর না দিয়ে এড়িয়ে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বিষয়টি এড়িয়ে যান। প্রতিমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওইসব বিষয়ে আমি কথা বলব না। এ সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
