
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের বালির স্তূপের নিচে পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। উদ্ধারের সময় শিশুটি কান্না করছিল। মঙ্গলবার সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনসহ কয়েকজন শিশুটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে গ্রামের রাস্তার পাশে খেলছিল হামিদুল (৫) ও নাফিউল (৩) নামে দুই শিশু। এ সময় তারা আমবাগানের বালুর স্তূপ থেকে কান্নার শব্দ শুনতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো নবজাতকটিকে উদ্ধার করেন।
তিনি আরও বলেন, কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা জানতে অনুসন্ধান চলছে। এ বিষয়ে আদালতকে অবহিত করা হচ্ছে। আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবেন। বর্তমানে নবজাতকটি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ রয়েছে।