বেনাপোল প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বেনাপোলে ভারত-বাংলাদেশ নোমান্সল্যান্ড এলাকায় দু‘বাংলার মানুষ মাতৃভাষা দিবস উদযাপন করলো। বেনাপোল সীমান্ত মুখরিত হলো দুই বাংলার মিলন মেলায়। উভয় বাংলার ভাষাপ্রেমী মানুষ শহিদদের প্রতি জানিয়েছে গভীর শ্রদ্ধা। দিনব্যাপী এই অনুষ্ঠানে দুই বাংলার মানুষকে অনুপ্রাণিত করেছে।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নোম্যান্সল্যান্ড এলাকায় নির্মাণ করা হয়েছে অস্থায়ী শহিদ বেদি। যেখানে উভয় দেশের নেতৃবৃন্দ সকাল ৯টায় শহিদ বেদীতে ফুল দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন। এরপর উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। উভয় দেশের চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে তৈরি করা হয়েছে সুসজ্জিত ২১ মঞ্চ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি। যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন৷
অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক শ্রীমতী বীনা মন্ডল, বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌর সভার পৌর প্রধান গোপাল শেঠ।
