
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গুণী শিক্ষকদের সম্মাননা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মধুপুর:
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিজামুল ইসলাম, মধুপুর পাইলট সরকারি রানী ভবানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আ. বাছেদ, মধুপুর শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম স্বপন, আশ্রা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুল হক, গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে চারজন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। এছাড়া গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
সমাপনী বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. উবায়দুল্লাহ হক।
ঘাটাইল:
অন্যদিকে, ঘাটাইলে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে ঘাটাইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরী তাসমিন উর্মি। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রাফিউল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিবুল্লাহ (দেলোয়ার), বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘাটাইল উপজেলা শাখার আহ্বায়ক খন্দকার তাহাজ্জদ হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও সাগরদিঘী কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন খালিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পরে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের নির্বাচিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. খলিলুর রহমান।