
ঢাবি প্রতিনিধি
মো. সিফাতুল্লাহ তাসনীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কর্তৃক ইসলাম ধর্মের বিধানকে কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেছে ঢাবি শিক্ষার্থীরা। ঐ শিক্ষকের নাম শিশির ভট্টাচার্য। তিনি ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) একজন শিক্ষক। গত কিছুদিন ধরে তিনি ফেসবুকে বিভিন্ন পাবলিক পোস্টে ২৪ এর গণঅভ্যূত্থান ও শহীদদেরকে ব্যঙ্গ করে বিভিন্ন লেখা দিয়ে আসছেন।
শিক্ষার্থীরা রাত সাড়ে নয়টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। এ সময় তারা ‘ধর্ম নিয়ে তামাশা, মানি না মানব না’, ‘শহীদ নিয়ে তামাশা, মানি না মানব না’, ‘অবৈধ সিন্ডিকেট, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়াকে নিয়েও এ সময় প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন, নিজামুলের মতো শিক্ষকেরা ঢাবি ক্যাম্পাসে স্বৈরাচারতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
পরবর্তীতে উপাচার্য মহোদয় আসলে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উপাচার্য মহোদয়ের কাছে তুলে ধরেন। দাবিগুলো হলো-
ইসলাম অবমাননা ও ২৪ এর শহিদদেরকে নিয়ে ব্যঙ্গাত্নক পোস্ট দেওয়ায় শিশির ভট্টাচার্যকে চাকরিচ্যুত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে; যেসব শিক্ষকেরা গণহত্যা ও ছাত্র নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে; বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দ্রুত ভেঙে দিয়ে নিয়মতান্ত্রিকভাবে সিন্ডিকেট গঠন করতে হবে এবং অতিদ্রুত ডাকসুর রূপরেখা প্রণয়ন করতে হবে।
শিক্ষার্থীদের কথা শুনে উপাচার্য মহোদয় এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।