
প্রতিনিধি নরসিংদী :
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদে “আদিয়াবাদের শিকড় ও শিখর” গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ( ২২ সেপ্টেম্বর) বিকালে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে গ্রন্থটির রচয়িতা আদিয়াবাদের কৃতি সন্তান খ্যাতিমান লেখক-সাহিত্যিক ও গবেষক সামসু উদ্দিন খান গ্রন্হের মোড়ক উন্মোচন করেন। আদিয়াবাদ তথা এতদাঞ্চলের ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে লেখা গবেষণা গ্রন্থটির নান্দনিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়’র সিনেট সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নিখিল প্রকাশন’র স্বত্ত্বাধিকারী নিখিল শীল, সম্পাদক ও গবেষক সিনিয়র সাংবাদিক বিধান দাস গুপ্ত, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ডা. অছিউদ্দিন আহমদ, নওশেদ খান প্রতিবন্ধী বিদ্যালয় (আদিয়াবাদ) এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. নওশেদ খান, নরসিংদী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এস.এম বিল্লাল হোসেন, নরসিংদীস্থ কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প বেগম প্রমূখ। বক্তাগণ বলেন, বহুমূখী জ্ঞান আহরণের যুগপোযোগী মহামূল্যবান এ গ্রন্থটি ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষ বহন করবে অনাদীকাল। বক্তাগণ পাঠকদেরকে বেশি বেশি বই পড়ার প্রতি উদাত্ত আহ্বান জানান। লেখক সামসু উদ্দিন খান বলেন, বইটি লিখতে আমার প্রায় দেড় বছর সময় লেগেছে। তিনি আরো বলেন, বইটি পড়ে সমাজের মানুষ উপকৃত হবে বলে আমার বিশ্বাস এবং জ্ঞানপিপাষু গবেষক ও পাঠকদের জন্য এ বইটি অনন্য ভূমিকা রাখবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত শিক্ষা পতিষ্ঠানের সহকারি শিক্ষক মো. কামাল মিয়া।