
হালুয়াঘাট প্রতিনিধি
চাহিদার তুলনায় অপ্রতুল ১০০ কেভির ট্রান্সফরমার আর অতিরিক্ত বিলের ভারে জর্জরিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১১ নং আমতৈল ইউনিয়নের গাতী গ্রামের বাসিন্দারা। গত ২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় অর্ধশতাধিক পরিবার অন্ধকারে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয়রা জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় গাতী গ্রামে ১০০ কেভির একটি মাত্র ট্রান্সফরমার দিয়ে ৫০টিরও বেশি গ্রাহকের বিদ্যুৎ চাহিদা মেটানো হচ্ছে। কিন্তু এই ট্রান্সফরমারের সক্ষমতা চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় কিছুদিন পরপরই এটি নষ্ট হয়ে যাচ্ছে। লোড নিতে না পেরে ফিউজ পুড়ে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি বারবার হালুয়াঘাট বিপিডিবি অফিসে জানানো হলেও কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী বড় ক্ষমতার ট্রান্সফরমার সংযোগ দিচ্ছে না। নষ্ট হওয়ার পর কথা দিয়ে আবারও পুরাতন ১০ কেভির ট্রান্সফরমারই লাগিয়ে দিয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, নতুন ট্রান্সফরমার সংযোগের জন্য অফিস থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এর পাশাপাশি প্রতি মাসে প্রকৃত ব্যবহারের তুলনায় প্রায় ৩ গুণ বেশি বিল আসছে। এই বিল পরিশোধ করতে গিয়ে অনেক পরিবারকে ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে।
গাতী গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ক্ষোভের সাথে বলেন, ২ দিন ধরে কারেন্ট নাই। বাচ্চা-কাচ্চা নিয়ে অন্ধকারে থাকা যায় না। অফিসে গেলেও কোনো লাভ হয় না। প্রতি মাসে যে বিল আসে তা দেখলে মাথা ঘুরে যায়।
এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য গ্রামবাসী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সরকারের কাছে চাহিদা অনুযায়ী বড় ক্ষমতার ট্রান্সফরমার সংযোগ এবং নিয়মিত তদারকির মাধ্যমে সঠিক বিল প্রদানের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে হালুয়াঘাট বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।