
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আষাঢ়ের শেষ সময়ে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে নড়াইলের লোহাগড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবারও অব্যাহত থাকায় শহরের নিচু এলাকা, বিভিন্ন সড়ক এবং আবাসিক এলাকায় পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে লক্ষ্মীপাশা, রাজুপুর, খলিশাখালী, গোপীনাথপুর, জয়পুর, ব্যাপারীপাড়া, মদিনাপাড়া, কলেজপাড়া, সরকারপাড়া, আলা মুন্সির মোড়, সরদারপাড়া, পোদ্দারপাড়া, মোচড়া ও গন্ধবাড়িয়াসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল-জলাশয় ভরাট, পানি চলাচলের পথ দখল এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য ভারী বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরের আসবাবপত্র, রান্নাঘর, শোবার ঘর ও উঠান। অনেক পরিবারকে দিনভর ঘরের পানি সেচে বাইরে ফেলতে দেখা গেছে। রান্নাঘরে পানি ঢুকে পড়ায় অনেক শ্রমজীবী পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রতি বর্ষা মৌসুমেই একই সমস্যার মুখোমুখি হতে হলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না। তারা দ্রুত জমে থাকা পানি অপসারণের পাশাপাশি শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের দুর্ভোগ কমাতে পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।