
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে ১৪ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় রশিদ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
টাঙ্গাইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ১৪ এপ্রিল ১৪ বছরের ওই শিশু তার দাদিকে ডাকতে পুকুরপাড়ে যায়। এ সময় রশিদ মিয়া শিশুটিকে তার সঙ্গে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে এ ঘটনা কাউকে জানালে শিশু ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন তিনি।
পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। পরে জানা যায়, ধর্ষণের ঘটনায় শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ২০২৪ সালের ২২ ডিসেম্বর বাবার বাড়িতে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত রশিদ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।