
দিনাজপুর প্রতিনিধি
ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবন কাহিল হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুেরে। রাত থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। দেখা মিলছে না সূর্যের।
বৃহস্পতিবার (১১ জানয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং বাতাসের গতি ২ নট।
এদিকে রাত ও দিনে তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দিনের চেয়ে রাতে অনেক বেশি ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রচণ্ড শীতে কাজে বের হতে গিয়ে বেকায়দায় পড়ছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।
বীরগঞ্জ উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের নন্দাই গ্রামের আজিজার রহমান (৫০) বলেন, ‘ঠান্ডায় অবস্থা কাহিল হয়ে পড়েছে। হাতে তেমন টাকা- পয়সা না থাকায় শীতের পুরোনো কাপড় কিনতে পারিনি। খুব কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। দিনে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।’
একই গ্রামের পারুল বেগম (৩৫) বলেন, ‘শীতের জন্য মাঠেও কাজ করা যাচ্ছে না। সরকার থেকে শীতের কাপড়ও দেয়নি। গরিব মানুষ এই শীতে কেমন করে বাঁচবো আল্লাহই জানে।’