
বিনোদন ডেস্ক
বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা’র একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ ফাঁস হয় কয়েক মাস আগে। ২৩ সেকেন্ডের ওই ভিডিওটি নিয়ে তখন বেশ আলোচনা – সমালোচনার জন্ম নেয়। অনেকের তখন ধারণা ছিল – উর্বশী’র অনুমতি ছাড়াই সেই ভিডিও ধারণ করা হয়। কিন্তু কয়েক মাসের ব্যবধানে জানা গেলো, সেটা হয়নি। এই ভিডিও ধারণের ক্ষেত্রে উর্বশী রাউতেলা’র সম্মতি ছিল বলে জানা গেছে। আর এটি জানিয়েছেন নায়িকা নিজেই।
ফাঁস হওয়া সেই ভিডিও নিয়ে উর্বশী ভারতীয় একটি গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন যে, আমাদের ছবি নিয়ে কোনো ধরনের হাইপ নেই, আলোচনাও নেই। এই ছবির জন্য জমি বিক্রি করতে হয়েছে। তারা এমনটাও বলেছিলেন, ছবিটি নিয়ে যদি কোনো আলোচনা তৈরি করা না যায়, তাহলে ঋণ পরিশোধের বিপরীতে রাস্তায় দাঁড়াতে হবে।
কথা প্রসঙ্গে উর্বশী রাউতেলা বলেন, আমার ম্যানেজারের সঙ্গে নির্মাতারা এসে আলোচনা করেন এবং অনুমতি নেন। আমাদের ছবির দৃশ্য এমনই ছিল, আলাদা কিছু শুটিং করিনি। এই জন্য তিনি বলেছিলেন, এটি আমরা আরও আগে মুক্তি দিতে পারি কি না। আর প্রযোজকদের কথা ভেবে প্রমোশনের জন্য আমরা এমনটা করি। মূলত ভিডিওটি ছিল আমার অভিনীত “ঘুষপেটিয়া” নামের মুক্তি পাওয়া ছবির দৃশ্য।
এদিকে, নতুন বছরের শুরুতেই উর্বশী রাউতেলাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। ‘ডাকু মহারাজ’ ছবির একটি গানের দৃশ্যে উপস্থাপন নিয়ে এই বিতর্ক। উর্বশী রাউতেলা কিছু করবেন আর বিতর্ক হবে না, তা কি হয়! ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামে একটি গানে উর্বশী’র নাচের ভঙ্গিকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে প্রবল সমালোচনা চলে অন্তর্জালে। ২ জানুয়ারি মুক্তি পায় ‘দাবিডি দিবিডি’ গানটি। এটি প্রকাশ্যে আসার পর থেকেই রোষানলে পড়েন উর্বশী রাউতেলা।
উল্লেখ্য, ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু উর্বশী রাউতেলা’র। তবে তার ক্যারিয়ারে হিট ছবি সেভাবে নেই বললেই চলে। বরাবরই নানা বিতর্কের কারণে খবরের শিরোনাম হয়েছেন সেক্স সিম্বল ইমেজের নায়িকা উর্বশী।