
জামালপুর প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত নোংরা রাজনীতির প্রতিবাদে জামালপুরে এক বিশাল অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে পৌর শহরের ডাকপাড়া মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে মৎস্যজীবী দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালীন সময়ে নেতাকর্মীরা অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম বলেন, “বর্তমানে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একশ্রেণীর গোষ্ঠী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত আচরণকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এটি দেশের সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে। এই ধরনের নোংরা ও প্রতিহিংসামূলক রাজনৈতিক অপসংস্কৃতি সাধারণ মানুষ আর বরদাশত করবে না।” বক্তারা অবিলম্বে এই অপপ্রচার বন্ধের জোর দাবি জানান।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় যেকোনো কর্মসূচীকে সফল করতে এবং মাঠপর্যায়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখতে জামালপুর জেলা মৎস্যজীবী দল রাজপথে সদা তৎপর রয়েছে। আগামী দিনেও যেকোনো রাজনৈতিক অপকৌশলের বিরুদ্ধে রাজপথেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উক্ত অবস্থান কর্মসূচিতে জেলা মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।