
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলার ধোয়া-মোছার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের পানিতে পড়ে মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে আহত হয়েছেন। প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালে আনসার উদ্দিন খানের মালিকানাধীন এফবি ‘সীমা-৩’ মাছ ধরার ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. জয়নাল খলিফার ছেলে। তাঁদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি হিসেবে ট্রলারটি ধোয়া-মোছা ও পরিষ্কারের কাজ করছিলেন জেলেরা। এ জন্য খালের পাড়ের একটি ঘর থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে সাবমারসিবল পাম্পের সাহায্যে পানি তোলা হচ্ছিল। কাজ চলাকালে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ট্রলারটি বিদ্যুতায়িত হয়। এ সময় কয়েকজন জেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে দেলোয়ার হোসেন খালের পানিতে পড়ে নিখোঁজ হন।
দুর্ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয়রা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় খালের পানিতে তল্লাশি চালানো হয়। পরে স্থানীয় ডুবুরি মজিবর প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুরের দিকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেন।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার করা মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির মধ্যেই এমন দুর্ঘটনায় এক জেলের প্রাণহানিতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।