
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ প্রতিনিধি:
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানামুখী অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘মহান বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলার তারানগর ইউনিয়নের ঝাউলা বাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের আয়োজনকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল নানা বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন— তারা আর প্রতারণার শিকার হবে না। আগামী নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের বিজয় ঘটবে।”আমান উল্লাহ আমান আরও বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এটি জাতির নতুন স্বাধীনতা। তবে জনগণ এখনও তাদের গণতান্ত্রিক ভোটাধিকার ফিরে পায়নি। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সেই অধিকার ফিরে পাবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।এছাড়া
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ শামিম,সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী। দপ্তর সম্পাদক জানে আলম সুমন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম,
জাসাস আহবায়ক সাফায়েত , আসাদ সহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।