
স্পোর্টস ডেস্ক
ইতালিয়ান ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম মুখ হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন ফ্রান্সেসকো পিও এস্পোসিতো। উয়েফা নেশনস লিগের চতুর্থ রাউন্ডে সোমবার রাতে নিজেদের মাঠে তুরস্কের বিরুদ্ধে ইতালি ৩-১ ব্যবধানে জয় পায়, যেখানে দলের তৃতীয় গোলটি করেন তিনি।
ম্যাচের ৫৫তম মিনিটে জানলুকা স্কামাকার বদলি হিসেবে মাঠে নেমেই নিজের ছাপ রাখতে একদমই সময় নেননি ইন্টার মিলানের এই তরুণ ফরোয়ার্ড। ম্যাচের ৮৭তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
২২ বছর পূর্ণ হওয়ার আগেই আন্তর্জাতিক ফুটবলে এটি এস্পোসিতোর সপ্তম গোল। অপটার তথ্য অনুযায়ী, ইতালি ফুটবলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ২১ বছর বয়স পেরোনোর আগেই সাত গোলের মাইলফলক স্পর্শ করলেন এই তরুণ। তার আগে এই কীর্তি গড়েছিলেন কেবল কিংবদন্তি জুসেপ্পে মেয়াতসা। তিনি ১৯৩১ সালের ২৫ জানুয়ারি মাত্র ২০ বছর ১৫৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারের সপ্তম গোলটি পেয়েছিলেন তিনি।
এই জয়ে চার ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম এবং এখনো কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের তলানিতে পড়ে আছে তুরস্ক।