
বিনোদন ডেস্ক
কলকাতার একজন অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে ওখানকার অভিনেতা – পরিচালক অরিন্দম শীলকে বহিষ্কার করেছে কলকাতা ডিরেক্টর্স গিল্ড। জানা গেছে, গেলো কয়েক বছরে একাধিক অভিনেত্রী অবশ্য অরিন্দমের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। কিন্তু বরাবরই এইসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অরিন্দমের দীর্ঘ দিনের সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে হেনস্তা হতে হয়েছে তাকেও। অরিন্দমের বিরুদ্ধে যে অভিনেত্রী মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, তাকে প্রথমেই অভিবাদন জানিয়েছেন সুদীপ্তা। অরিন্দমের সঙ্গে একাধিক কাজ করলেও কখনো তার সঙ্গে হেনস্তার অভিজ্ঞতা ঘটেনি বলেই জানান তিনি। অবশ্য বহু বছর ধরে অন্য নারীদের অভিযোগের কথা যে কানে এসেছে, সে কথা জানালেন সুদীপ্তা।
কলকাতার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুদীপ্তা চক্রবর্তী বলেন, অরিন্দমদার সঙ্গে প্রচুর কাজ করেছি। আমার সরাসরি এমন ধরনের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু প্রচুর মেয়ের সঙ্গে বিভিন্ন সময় ঘটে যাওয়া ঘটনার কথা শুনেছি। এটা আমার ভুল যে, এর বিরুদ্ধে সরব হইনি। তবে ওই মেয়েটিকে অভিবাদন জানাই – যিনি মহিলা কমিশনে অভিযোগ করেছেন।
অরিন্দম নিজের ভুল স্বীকার করেছেন জানিয়ে সুদীপ্তা বলেন, এটা জেনে ভালো লেগেছে যে, অরিন্দমদা নিজের ভুল স্বীকার করেছেন। ‘ডিরেক্টর্স গিল্ড’ যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেটাও সাধুবাদ জানানোর মতো। আমি অভিনন্দন জানাবো ওই মেয়েটিকে। অন্য মেয়েদের বলবো – কাজ হারানো বা টাকা না পাওয়ার ভয় কাটিয়ে প্রকাশ্যে আসতে এবং তারা সেটা করছেন। এগুলো নিয়ে যে কথা হচ্ছে, সেটা খুব ভালো বিষয়।
এই বিষয়ে সুদীপ্তা’র কথা হলো – একজন মেয়েকে অশালীন ভাবে ছোঁয়ার বিষয় নয়। এখানে মেয়েদের শরীর নিয়ে কথা বলা হয়। মহিলাদের হেয় করা হয়। নোংরা গালাগালি দেওয়া হয়। শুনি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গালিগালাজ করাটাই প্রথা। কত ছোট ছোট মেয়েরা কাজ করে, তাদের অভিভাবকরা এসব দেখে ভয় পেয়ে যান! এবার এই কালচারটা বন্ধ হওয়ার সময় এসেছে।