
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সোনালি আঁশ খ্যাত ফসল পাটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকেরা সোনালি আঁশের স্বপ্ন দেখছেন। অল্প খরচে কম সময়ে বেশি লাভের আশায় কৃষকদের পাট চাষের আগ্রহ বাড়ছে।
গত ৩ বছর যাবৎ পাটের দাম ভালো পাওয়ায় কৃষকরা পাট চাষ করে বেশ লাভবান হচ্ছেন। অনেক কৃষকই বলছেন পাট চাষিদের সুদিন ফিরেছে। সোনালি আঁশ পাট চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন গ্রামের জমিতে লক্ষ্যমাত্রার চেয়েও ব্যাপকভাবে সোনালী আঁশের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেশী ১২০ হেক্টর, তোষা ৫৭০ হেক্টর, কেনাফ ৮৬৫ হেক্টর ও মেস্তা জাতীয় পাট আবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে।
বুধবার, ১০ জুলাই ২০২৪ ইং তারিখে সরেজমিন গিয়ে উপজেলার পূর্নিমাগাঁতী, পঞ্চক্রোশী, দুর্গানগর, সলপ, হাটিকুমরুল, বড়হর ইউনিয়নের বোয়ালিয়া, পূর্বদেলুয়া, ব্রম্মকপালিয়া গ্রাম সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকের মাঠে মাঠে চোখ জুড়ানো সবুজের সমারোহ। চারিদিকে শুধু পাটক্ষেত। সামান্য বাতাসে দুলছে পাটের কচি ডগা।