
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরাবরের মতো এবারও শতভাগ জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৮তম ব্যাচের ৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছেন।
শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে মির্জাপুর ক্যাডেট কলেজ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। এবারের ফলাফলেও তার প্রতিফলন ঘটেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, ক্যাডেটদের কঠোর অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের নিয়মিত তদারকি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল এই অর্জন। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এ সাফল্য এসেছে।
তিনি এ কৃতিত্বের জন্য ক্যাডেট, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে আগামী দিনেও শিক্ষার গুণগত মান বজায় রেখে সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।