
সিলেট প্রতিনিধি
নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় ন্যাশনাল কনসারভেটিভ পার্টিকে (এনসিপি) প্রতীকটি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
রোববার সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা সম্পূর্ণ আইন ও বিধি অনুযায়ী কাজ করি। প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় এটি দেওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী কমিশন কোনো ব্যতিক্রম করতে পারে না।”
নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। গণমাধ্যমে অনেক কিছু প্রকাশিত হচ্ছে, তবে এসব নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আমরা আশা করি, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হবে না বলে আমরা আশাবাদী।”
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নির্বাচন পদ্ধতি রাজনৈতিক বিষয়—এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।” প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।