
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।
তবে এবার দেশের ৬৫টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কেউ পাস করতে পারেননি। গত বছর শূন্যপাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি। সেই হিসাবে এবার শূন্য পাস কলেজের সংখ্যা ২৩টি বেড়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।
ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান, এবার কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ফল ঘোষণা করেছে। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফল দেখতে পারবেন।