
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে র্যাব-১৪ এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ১৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ মে) টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।
এসময় “শাহ ফতেহ আলী” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাবনা জেলার বাসিন্দা মোঃ মোশারফ হোসেন (৩৮) কে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব। “এ্যাপোলো এন্টারপ্রাইজ” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুনামগঞ্জ জেলার বাসিন্দা সুমন মিয়া (৩০) কে আটক করা হয়। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।