
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফারহাদ হোসাইন
খুলনার কয়রায় কাঁকড়া কল্যাণ সমিতির আয়োজনে লাখ টাকার চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও যুবদল নেতা আহাদুর রহমান লিটন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ, কয়রা বাজার কমিটির সভাপতি জুলফিকার আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আসাদুল হক।
উদ্বোধনী খেলায় মিনিস্টার শোরুম কয়রা দল ৩–০ গোলে পরাজিত করে কলারোয়া ফুটবল একাডেমি (সাতক্ষীরা)-কে। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। স্থানীয় ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়ে মাঠ জমে ওঠে উৎসবের আমেজে।
মিনিস্টার শোরুম কয়রা দলের তারকা স্ট্রাইকার রাজু একাই তিনটি গোল করে হ্যাটট্রিক অর্জন করেন। প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে তৃতীয় গোলটি করে দলের নিরঙ্কুশ জয় নিশ্চিত করেন তিনি। খেলাটি পরিচালনা করেন মোক্তার হোসেন মিঠু, ধারাভাষ্য দেন মেজবাহ উদ্দিন ও আশরাফ হোসেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং এলাকায় ক্রীড়া চর্চা বৃদ্ধি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে।