
ঝালকাঠি প্রতিনিধি :
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘুর্নিঝড় দানার প্রভাবে উপকুলীয় জেলা ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়েছে। ঝড়ে চাম্বল ও মেহগনি গাছ উপরে পরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার টিন সেট ভবন বিধ্বস্ত হয়েছে।
এছাড়াও উপজেলার সদরের বড় কাঠালিয়া গ্রামের মৎস্যজীবী আলতাফ হোসেন জমাদ্দারের বসত ঘর এবং গাছ পড়ে একই গ্রামের কৃষক আবু হানিফের একটি গরু মারা গেছে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ পালা ঘর বাড়ী বিধ্বস্ত হয়েছে। শীতকালীন শাক সবজীর ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ। ঘুর্নিঝড়ের প্রভাবে বিষখালী নদী তীরবর্তী আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালী, জয়খালী, কাঠালিয়া সদর, বড় কাঠালিয়া, কচুয়া, শৌলজালিয়া, রঘুয়ারচর, তালগাছিয়া, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়ার গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের ও বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ায় রান্না ঘর পানিতে তলিয়ে যাওয়ায় দুপুরের রান্না হয়নি। এসব গ্রামের পুকুর ও ঘেরের মাছ বেরিয়ে গেছে।
বুধবার বিকেলে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে ঘুর্নিঝড় মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।