
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর উত্তরপাড়া এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের খড়ের পালায় অগ্নিসংযোগ ও বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকার বাসিন্দা বাদশা মিয়া (৪৮) ও নবা সুতারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বাদশা মিয়া ও তার পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন তার খড়ের পালায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে দুটি বসতঘর ও একটি গোয়ালঘরের টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও যোগাযোগ ব্যবস্থা ও রাস্তার অনুপযোগিতার কারণে তারা অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করতে পারেনি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এর আগের দিন সোমবার (১৫ জুন) বিকেলে বাদশা মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নবা সুতারের বাড়ির সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩ থেকে ৪ জন আহত হন। আহতদের মধ্যে নবা সুতারের পক্ষের শাহ আলম ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, নবা সুতারের বাড়ির মাটি বৃষ্টির পানিতে ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।
এদিকে মারামারির ঘটনার পর থেকেই বাদশা মিয়ার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে কালিহাতী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কালিহাতী থানার তদন্ত কর্মকর্তা, মগড়াপাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।