
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় ওসি মো. আলাউদ্দিন উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভক্তবাড়ি পূজা মন্ডপে যান। এ সময় মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পূজামণ্ডপে শৃঙ্খলা রক্ষায় তিনটি সিসি ক্যামেরা সচল রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।
এ সময় ওসি মো. আলাউদ্দিন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি জানান, উপজেলার ৪৩টি দুর্গাপূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার নিয়োগ ও স্বেচ্ছাসেবক কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”