
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-৫ (নিকলী- বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে নিকলীতে বর্ণাঢ্য মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নিকলী নতুন বাজার এলাকা থেকে শুরু হওয়া মশাল মিছিলটি উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া মিছিলটির নেতৃত্ব দেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতেই এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মশাল হাতে স্লোগান দেন। তাদের উপস্থিতিতে পুরো নিকলী বাজার এলাকা আলোকিত হয়ে ওঠে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজহারুল ইসলাম সোহেল বলেন, “শেখ মুজিবুর রহমান ইকবাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। বিগত ১৬ বছর তিনি দল ও এলাকার মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া জরুরি।”
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তৃণমূলের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই এই মশাল মিছিল। তারা কেন্দ্রীয় নেতাদের কাছে নিকলী–বাজিতপুর আসনে মনোনয়ন চূড়ান্ত করার সময় জনগণের দাবি বিবেচনায় নেওয়ার জোর আহ্বান জানান।
মশাল মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।