
কুলিয়ারচর প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে “কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা”র উদ্যোগে উপজেলার ২৩ জন প্রতিবন্ধীর মাঝে ত্রাণসামগ্রী (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) দুপুরে কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় অবস্থিত সংস্থার কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—চাল, ডাল, লবণ, চিনি, সয়াবিন তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এসব সহায়তা পেয়ে উপস্থিত প্রতিবন্ধীরা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা আক্তার। তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুখ-দুঃখে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসা উচিত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কুলিয়ারচর প্রেসক্লাবের আহ্বায়ক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম, সংস্থার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য রাকিবুল রহমান রফিক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফবৃন্দ।
সরকারি ত্রাণ সহায়তা হাতে পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত পরিচালনার দাবি জানান।