
মোঃ ইব্রাহিম, ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অপহৃত ৮ মাসের শিশু সাইফানকে মাত্র ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব। অপহরণের ঘটনায় তানজিলা আক্তার পারভীন (৩৫) নামে এক নারীকে শরীয়তপুর জেলার পালং এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসকারী সাকিলা এনামের বাসায় গত ১২ অক্টোবর তানজিলা আক্তার পারভীন এসে নিজেকে অসহায় দাবি করে এবং থাকা-খাওয়ার বিনিময়ে কাজ করার জন্য আশ্রয় প্রার্থনা করে। মানবিক কারণে সাকিলা তাকে নিজের বাসায় আশ্রয় দেন।
১৩ অক্টোবর সকাল ১১টার দিকে পারভীন সাকিলার ৬ বছরের ছেলে আহনাফ ও ৮ মাস বয়সী সাইফানকে নিয়ে আইসক্রিম কিনতে বের হয়। কিছুক্ষণ পর আহনাফ একা বাসায় ফিরে আসে, কিন্তু পারভীন ও সাইফান আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর সাকিলা বুঝতে পারেন যে তার সন্তানকে অপহরণ করা হয়েছে। ১৪ অক্টোবর সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন সাকিলা।
অপহরণের বিষয়টি জানাজানি হলে র্যাব-১০ দ্রুত অভিযানে নামে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরীয়তপুরের পালং এলাকায় অভিযান চালায়। ১৪ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে র্যাব-১০ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে পারভীনকে গ্রেফতার করা হয় এবং অক্ষত অবস্থায় সাইফানকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভীন জানায়, তার নিজের সন্তান না থাকায় এবং স্বামীকে মিথ্যা অন্তঃসত্ত্বা হওয়ার কথা বলে সে শিশুটিকে অপহরণের পরিকল্পনা করে। পারভীন জানতো, সাইফান তার প্রতিবেশী সাকিলার সন্তান হওয়ায় সহজেই অপহরণ করা সম্ভব হবে।
অপহরণের ঘটনায় গ্রেফতারকৃত তানজিলা আক্তার পারভীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।