
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করা অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। প্রায় প্রতিটি এলাকার দোকান ও এজেন্টদের মাধ্যমে বিকাশের লেনদেন সম্পন্ন হয়। তবে সম্প্রতি বিকাশের দোকানগুলোতে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা সমাজে নিরাপত্তার অভাবকে তুলে ধরছে।
দিনের বেলাতেও এখন অহরহর চুরির ঘটনা ঘটছে, যা নিরাপত্তার অভাবকে আরও প্রকটভাবে তুলে ধরছে। বিকাশের দোকানে প্রচুর পরিমাণে নগদ অর্থ লেনদেন হয়, যা এই ধরনের দোকানগুলোকে চোরদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সম্প্রতি কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় একটি বিকাশ এজেন্টের দোকানে দিনের বেলাতেই চুরির ঘটনা ঘটেছে, যা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোজাম্মেল হকের এম এন এন্টারপ্রাইজ থেকে।উক্ত দোকানে জনাব হক মোবাইল লোড, বিকাশ-নগদ সহ হার্ডওয়ার এন্ড ইলেকট্রিক সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে। তিনি জানান, ❝গতকাল ০৮/১০/২০২৪ইং তারিখ অনুমান সকাল ৯:০০ ঘটিকায় আমি দোকানের বাহিরে গেলে আমার অনুপস্থিতিতে কে বা কাহারা আমার দোকানে প্রবেশ করিয়া আমার ক্যাশ কাউন্টার থেকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা নিয়া পালিয়ে যায়। বিবাদীরা আমার দোকানে প্রবেশের পূর্বে আরো অজ্ঞাতনামা ৪-৫ জন লোক অটোরিক্সায় আমার দোকানের বাহিরে পাহারা দেয় উক্ত সমস্ত ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে ধারণকৃত আছে। উক্ত ঘটনার বিষয়ে আমার আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করে থানায় অভিযোগ করে আসি।❞
অভিযোগ তদন্তকারি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,❝আমরা সরেজমিনে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছি এবং স্থানীয়দের সাথে কথা বলে সে অনুযায়ী আসামিদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।তারা একটা সংঘবদ্ধ চক্র।আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি তাদেরকে সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারব।❞