
মোঃ ইব্রাহিম, কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় হেভি গ্লোবাল কেমিক্যালস ফ্যাক্টরি সরানোর দাবিতে আজ শুক্রবার সকালে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। “সু-সচেতন নাগরিক কমিটি”র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাক্টরি থেকে নির্গত বর্জ্য ও দূষিত গ্যাসের কারণে ১০টি গ্রামের মানুষ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে রয়েছে। অনেকেই শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত।
এলাকাবাসী দ্রুত ফ্যাক্টরিটি সরানোর দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। অভিযোগ ওঠে, প্রায় ১২ বছর আগে ওষুধ ফ্যাক্টরির আড়ালে এখানে বিষাক্ত কেমিক্যাল তৈরির কাজ শুরু হয়। ফ্যাক্টরি কর্তৃপক্ষ প্রভাবশালীদের পরিচয় দিয়ে নিয়ম না মেনে এটি পরিচালনা করছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, “জনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরি চালানোর সুযোগ নেই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”