
কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট প্রদান বিষয়ে ভোটারদের সচেতনতা বাড়াতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে উক্ত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম। প্রদান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “এবারের গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোট মানেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের হাতে তুলে দেওয়া। জনগণ কীভাবে ভোট দেবে, তার ওপরই নির্ভর করবে ভবিষ্যতে দেশ কোন পথে এগোবে।”
তিনি আরও বলেন, ভোটকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ভোট গ্রহণ শুরুর সময় থেকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণের আওতায় থাকবে। তিনি বলেন, “আমাদের লুকানোর কিছু নেই। মানুষ যেন দেখে—প্রশাসন একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম।”
অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব হোসেন, কেরানীগঞ্জ মডেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মো. খালেদ, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ, সিনিয়র মৎস্য কর্মকর্তা করিশমা আহমেদ কারিস, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম।
সভায় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা অংশ নেন। বক্তারা গণভোটের গুরুত্ব, ভোটারদের অধিকার ও দায়িত্ব এবং নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।