
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলায় নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও কেমিক্যাল জব্দ করেছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেরচি ঘোষপাড়া এলাকায় যৌথ এই অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানায় তল্লাশি চালিয়ে নকল দুধ, জেলি, সোডাসহ দুধ তৈরির বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উদ্ধার করা হয়।অভিযানে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিল।
এ ঘটনায় দুধ ব্যবসায়ী অপু ঘোষকে ২ লাখ টাকা এবং অনিমেষ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।
অভিযান শেষে জব্দকৃত নকল দুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।