
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও দীপা রানী সরকার। সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা, অবকাঠামোগত দুর্ভোগ ও দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকটের বিষয় ইউএনও’র সামনে তুলে ধরেন।
এসময় নবগঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মো. মামুন হোসেন টিএন্ডটি পাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থার শোচনীয় অবস্থার বিষয়টি তুলে ধরলে ইউএনও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
অন্যদিকে দৈনিক ইনকিলাব প্রতিনিধি আবুল বাশারের প্রশ্নের জবাবে বাহাজ্জেল হোসেন দাখিল মাদ্রাসা সংলগ্ন সরকারি খাল দখলমুক্ত করার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানান দীপা রানী সরকার। তিনি বলেন, জনস্বার্থে সরকারি সম্পদ পুনরুদ্ধারে কোনো ধরনের আপস করা হবে না।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক অবক্ষয় রোধ নিয়েও আলোচনা হয়। এসময় ইউএনও কোটচাঁদপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জামান (নয়া দিগন্ত), কাজী মৃদুল (দৈনিক আমার দেশ), জাহাঙ্গীর আলম (দৈনিক সংগ্রাম), মোস্তাফিজুর রহমান আপেল (দৈনিক যশোর)সহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রায় ২৪ জন সাংবাদিক ও প্রতিনিধি।
সভাপতির বক্তব্যে ইউএনও দীপা রানী সরকার বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।