
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি :
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারাদেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন (বুধবার) সকালে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহানাজ আফরোজ ডলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন প্লাজার কোটচাঁদপুর শাখার ম্যানেজার বাসুদেব বাসাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডেপুটি ম্যানেজার জাহিদ ইকবাল, ফ্লোর ইনচার্জ মোফিজুর রহমান, হেলথ কেয়ার অফিসার সারাফাত হোসেনসহ শাখার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
বক্তারা বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ায় ওয়ালটন প্লাজার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।